স্টাফ রিপোর্টার
সনাতন ধর্ম ত্যাগ করে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছেন মতলব দক্ষিণ উপজেলার এক মা ও তার ছেলে। ইসলাম গ্রহণের পর নতুন নাম নিয়ে নতুন জীবন শুরু করেছেন তারা। সম্প্রতি ছেলেকে নিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে সুন্নতে খতনা করাতে আসেন মা খায়রুন নাহার। এ নিয়ে গত কয়েকদিন ধরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছিল।
ইসলাম গ্রহণের আগে ওই নারীর নাম ছিল সুমি সরকার এবং তার ছেলের নাম ছিলো রবিন সরকার। ইসলাম গ্রহণের পর মায়ের নাম রাখা হয়েছে খায়রুন নাহার এবং ছেলের নাম রাখা হয়েছে আব্দুল্লাহ।
জানা গেছে, মা-ছেলে আগে ঢাকার ডেমরা এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তাদের স্থায়ী ঠিকানা চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও গ্রামে। বর্তমানে স্বামীর কাছ থেকে আলাদা হয়ে সন্তানকে নিয়ে চাঁদপুরে বসবাস করছেন খায়রুন নাহার।
খায়রুন নাহার জানান, ইসলামের প্রতি বিশ্বাস ও ভালোবাসা থেকেই তিনি স্বেচ্ছায় এ ধর্ম গ্রহণ করেছেন। তার ছেলে আব্দুল্লাহও নিজের ইচ্ছায় সচেতনভাবে আদালতে হলফনামার মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। নতুন পরিচয়ে মা-ছেলের জীবনযাপন স্বাভাবিক রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
এদিকে নতুন জীবন শুরু করা মা-ছেলের পাশে দাঁড়িয়েছেন মাসুদ ব্যাপারী নামে এক ব্যক্তি। তিনি তাদের আর্থিক সহায়তাসহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আব্দুল্লাহকে নিজের ভাই এবং খায়রুন নাহারকে মায়ের মতো সম্মান করেন বলেও জানান তিনি।
ধর্মান্তরের মধ্য দিয়ে নতুন পরিচয়ে জীবন শুরু করা মা-ছেলের সামনে এখন রয়েছে নতুন জীবনের দিন। বিশেষ করে আবাসন, আর্থিক সচ্ছলতা ও স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে তাদের সহযোগিতা প্রয়োজন হতে পারে।


