স্টাফ রিপোর্টার
বেদমন্ত্র পাঠ ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। গতকাল রোববার ছিল দেবী দুর্গার মহাষ্টমী বিহিত পূজা। এ উপলক্ষে সকাল থেকেই চাঁদপুর শহরের বিভিন্ন পূজামণ্ডপে ভক্তদের উপচে পড়া ভিড় দেখা যায়।
মহাষ্টমী বিহিত পূজার নির্ধারিত সময় ছিল ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত। এ কারণে আগের দিন রাত থেকেই বিশেষ করে চাঁদপুর শহরের প্রধান মন্দির শ্রীশ্রী কালীবাড়িতে ভক্তদের সমাগম শুরু হয়। অনেক ভক্ত রাতেই পূজার ডালা সাজিয়ে ভোগ নিবেদন করতে মন্দিরে আসেন। ভোর হতে না হতেই ডালা সাজিয়ে দেবীর চরণে অঞ্জলি দিতে মন্দিরে ছুটে আসেন অসংখ্য ভক্ত।
গতকাল সকাল ৬টা থেকে পৌনে ৮টা পর্যন্ত মহাষ্টমী বিহিত পূজা ও সন্ধিপূজার আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। পূজা শেষে পুরোহিতের মন্ত্রোচ্চারণের সঙ্গে ভক্তরা দেবী দুর্গার চরণে অঞ্জলি নিবেদন করেন। চাঁদপুর শহরের বিভিন্ন পূজামণ্ডপে দফায় দফায় অঞ্জলি প্রদান করা হয়। অনেক ভক্ত সকাল থেকে উপবাস ব্রত পালন করে পূজায় অংশ নেন। অঞ্জলি নিবেদনের মাধ্যমে তাঁরা দেবীর কাছে রোগ-শোক থেকে মুক্তি, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।
মহাষ্টমীর দিন বিকেল থেকেই চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা ও সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ভক্তরা শহরের পূজামণ্ডপগুলো পরিদর্শনে আসেন। এ ছাড়া পার্শ্ববর্তী নোয়াখালী, রায়পুর, রামগঞ্জ, ফেনী ও কুমিল্লা থেকেও অনেকে মাইক্রোবাস, হাইয়েস ও সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে চাঁদপুর শহরে আসেন। তাঁরা গভীর রাত পর্যন্ত বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে পূজার আনন্দ উপভোগ করেন। পরে নিজ নিজ গন্তব্যে ফিরে যান।
আজ সোমবার সকালে দেবী দুর্গার নবমী বিহিত পূজা অনুষ্ঠিত হবে। এ দিনও পূজামণ্ডপগুলোতে ভক্তদের ব্যাপক সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকেরা।


