টাকার জন্য বাবা ও বোনকে রক্তাক্ত করলো পাষণ্ড

ইউনুস মিয়াজী, কচুয়া প্রতিনিধি :
চাঁদপুরে টাকার জন্য বাবা ও বোনকে কুপিয়ে রক্তাক্ত যখম করলো এক পাষণ্ড। ঘটনাটি ঘটেছে কচুয়া উপজেলার ৯ নং কড়ইয়া ইউনিয়নের উত্তর নলুয়া পাটোয়ারী বাড়িতে । শনিবার বিকালে ওই বাড়ির হাবিবুল্লাহ মাস্টার ও তার মেয়েকে দেশীয় অস্ত্র ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করেছেন ছেলে দিদার আলম । পরবর্তীতে আহতদেরকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করেন স্থানীয়রা।

ঘটনার বিষয়ে স্থানীয়রা জানান, ছেলে দিদার আলম জমিজমা বিক্রি করে  টাকা দেওয়ার জন্য বলেছিল তার বাবা হাবিবুল্লাহ মাস্টারকে। এতে তিনি ও তার মেয়ে প্রতিবাদ জানায়। তাই ছেলে দিদার আলম ক্ষিপ্ত হয়ে বাবা ও বোনকে  ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।

এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, ঘটনাটি আমরা জেনেছি। এবং আমাদের পুলিশ ফোর্স ঘটনাস্থল গিয়েছে। শুনেছি ঘটনাটি জমি জমা নিয়ে নয়। ঘটনাটি ঘটেছে হাবিবুল্লা মাস্টারের পেনশনের টাকা নিয়ে। টাকা নিয়ে বাবা, বোন ও ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। হাতাহাতির  একপর্যায়ে দুর্ঘটনাটি ঘটে।

আহত বাবা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আমরা বলেছি থানায় অভিযোগ দায়ের করার জন্য। অভিযোগ দায়ের হলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।