৪৫ দিনের শিশু বিছানা থেকে উধাও

স্টাফ রিপোর্টার

 

মা রহিমা বেগম রাতে প্রাকৃতির ডাকে সাড়া দিতে টয়লেটে যান। কয়েক মিনিটের ব্যবধানে বিছানায় এসে দেখেন নবজাতক নেই। ঘরের ভেতরে অনেক খোঁজাখুঁজি করে পুত্র সন্তান না পেয়ে মাথায় আসমান ভেঙে পড়ার অবস্থা। মুহূর্তেই ৪৫ দিন বয়সের শিশু ইমন মিজি রাতে বিছানা থেকে উধাও হয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাশিয়ালি গ্রামের মিজি বাড়িতে।
যদিও পরদিন শনিবার সকালে শিশুটির মৃতদেহ বাড়ির পুকুরে পাওয়া যায়। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুরো বাড়ি ও এলাকায় সৃষ্টি হয়েছে আতঙ্ক।
শিশুটির নিকট আত্মীয় তুহিন মিজি ও স্থানীয়রা বলেন, শাশিয়ালি গ্রামের মিজি বাড়ির নাজির হোসেনের স্ত্রী রহিমা বেগম গত রাত (শুক্রবার ২৪ এপ্রিল) তিনটার দিকে টয়লেটে যান। ফিরে এসে দেখেন বিছানায় থাকা শিশু সন্তান ইমন মিজি নেই।

মৃত শিশু ইমনের বাবা নাজিব হোসেন জানান, কালো বোরখা পরা জ্বীনের মত দেখতে একজন মহিলা এসে তার সন্তানকে নিয়ে গেছে। তাৎক্ষণিক তারাসহ বাড়ির লোকজন শিশুর খোঁজে নেমে পড়ে বাড়ির আশপাশে। কিন্তু কোন সন্ধান পাওয়া যায়নি। সকালে বাড়ির পুকুরে শিশুটির লাশ পাওয়া যায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. রিপন মেম্বার জানান, বুঝা যাচ্ছে না আসলে বিষয়টি কী? পরিবার ও বাড়ির অধিকাংশ সবাই বলতেছে জ্বীনে নিয়ে গেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে থানা পুলিশ। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, কোনো অভিযোগ না থাকায় শিশুর লাশ পোস্টমর্টেম ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।