স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার ইজারাদার আরিফুল ইসলাম মিশু ও সফিক গাজীসহ ৬ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। রোববার বিকেল ৪টায় ওয়ারলেস মোড়ে এ অতর্কিত হামলার ঘটনাটি ঘটে।
আহতরা হলেন: ওয়ারলেস বাজারের ইজারাদার আরিফুল ইসলাম মিশু (৩৮), সফিক গাজী (৪৩), সজিব গাজী (২৮), মানিক খান (৩০), সামির (২৫)। এদের মধ্যে গুরুত্বর আহত অবস্থায় আরিফুল ইসলাম মিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। চাঁদপুর সদর থানার এসআই (উপ-পরিদর্শক) জাহেদ হাসপাতালে এসে ঘটনা সম্পর্কে অবগত হন।
ইজারাদার সফিক গাজী জানান, চাঁদপুর পৌরসভার সকল নিয়ম মেনে ওয়ারলেস বাজারের ইজারা নেয়া হয়। বাজারের পাশের বোরহান গাজী, ফেরদৌস গাজী, এমরান গাজী, রেদওয়ান গাজীসহ কয়েকজন সড়কের জায়গায় অবৈধভাবে দোকান উঠিয়ে দেয়ার কথা বলে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে। পরে ব্যবসায়ীরা আমাদেরকে বিষয়টা অবগত করলে আমি ও মিশু সেখানে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করি। এতে তারা ক্ষিপ্ত হয়ে দা, ছুরিসহ ধারালো অস্ত্র দিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করে রক্তাক্ত জখম করে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানে আলম ফয়সাল জানান, আহতদের মধ্যে মিশু নামের ব্যক্তির ডান হাতের বৃদ্ধা আঙুল গুরুত্বর জখম হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
এদিকে একই ঘটনার জেরে রাতে ওয়ারলেশ বাজারের পাশর্^বর্তী একটি মার্কেটে আগুন ধরিয়ে দেয় কে বা কারা। এতে মার্কেটের পাশে থাকা ওয়ারলেশ বাজার জামেয়া ইসলামীয়া ফজলুল উলুম মাদ্রাসা ভবনে আগুর ছড়িয়ে পড়ে। এসময় মাদ্রাসার প্রায় অর্ধ শতাধিক শিশু শিক্ষার্থী ভবনে আটকা পড়ে। পড়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের সেখান থেকে উদ্ধার করে।
চাঁদপুর সদর মডেল থানার (ওসি) ফয়েজ আহমেদ জানান, ঘটনাটি শুনতে পেয়ে পুলিশ ওয়ারলেস বাজারে পাঠানো হয়। পরে আহতরা চলে আসায় পুলিশ হাসপাতালে যায় ও খোঁজ খবর নেয়। তবে অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


