স্টাফ রিপোর্টার, চাঁদপুর:
চাঁদপুরে ভিটামিন এ প্লাস ক্যাপসুল পাবে সাড়ে তিন লক্ষ শিশু। আজ শনিবার শিশুদের খাওয়ানো হবে এই ক্যাপসুল । এ কার্যক্রম সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীন ভাবে চলবে বিকেল ৪ টা পর্যন্ত। এ উপলক্ষে জেলা অরিয়েন্টেশন ও কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) চাঁদপুর সিভিল সার্জন অফিসের আয়োজনে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে বাংলাদেশ থেকে অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টি জনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডা: মোঃ শাহাদাত হোসেন।
তিনি তার বক্তব্যে প্রোগ্রামটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের হলেও শতভাগ সাফল্যের জন্য অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংশ্লিষ্ট সকলের সহযোগিতা একান্ত ভাবে কামনা করেন।
সভায় জানানো হয়, ২২৩২ টি ইপিআই কেন্দ্র সমূহে জেলায় মোট ৩ লাখ ৫৩ হাজার ১ শ ৮৫ জন শিশুকে ১ জুন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। চাঁদপুর জেলার ৮টি উপজেলা ও ২টি পৌরসভায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশু রয়েছে ৩৯২০৪ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু রয়েছে ৩ লাখ ১৩ হাজার ৯শ ৮৫ জন। শনিবার এই কার্যক্রম সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীন ভাবে চলবে বিকেল ৪ টা পর্যন্ত। বিশাল এ কর্মযজ্ঞ সফলভাবে বাস্তবায়নে নিয়োজিত থাকবে স্বাস্থ্য বিভাগের ৫৩৩ জন এবং পরিবার পরিকল্পনা বিভাগের ৪৮০ জনসহ মোট ১০১৩ জন কর্মী।
এসময় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের খাওয়ানো হবে নীল রঙের একটি ভিটামিন এ ক্যাপসুল ( ১০০০০০ আই ইউ)। এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে খাওয়ানো হবে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল (২০০০০০ আই ইউ)।
কার্যক্রম চলাকালে শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণমতো ঘরে তৈরি সুষম খাবার খাওয়ান এই বার্তাটি প্রচার করতে হবে।
উল্লেখ্য গত রাউন্ডে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ছিলো ৩৮৯৪৭জন। কার্যক্রম বাস্তবায়নের সফলতার হার ছিলো ১০১ দশমিক ২৫ ভাগ। ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ছিলো ৩লাখ ৬ হাজার ৭শ ৪৪জন। কার্যক্রম বাস্তবায়নের সফলতার হার ছিলো ৯৯ দশমিক ৬০ ভাগ।


