ডেস্ক রিপোর্ট :
জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেজ কাকাউরিসকে পরাজিত করে নির্বাচিত হন ড. খলিলুর রহমান।
নির্বাচনে জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে ৯৯টি দেশ বাংলাদেশের প্রার্থী ড. খলিলুর রহমানকে ভোট দেয়। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেজ কাকাউরিস পান ৯১ ভোট।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদটি বৈশ্বিক কূটনৈতিক নেতৃত্ব, আন্তর্জাতিক ঐকমত্য গঠন এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে মধ্যস্থতামূলক ভূমিকার অন্যতম প্রতীক হিসেবে বিবেচিত হয়।
বাংলাদেশের একজন প্রতিনিধি এ পদে নির্বাচিত হওয়াকে দেশের কূটনৈতিক অঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।
এ দিকে ড. খলিলুর রহমান নির্বাচিত হহওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান, গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতার প্রতিফলন।
তিনি আশা প্রকাশ করেন, ড. খলিলুর রহমান গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং বহুপাক্ষিক ও অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংযোগ, সংলাপ ও সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নতুন দায়িত্ব পালনে ড. খলিলুর রহমানের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।


