স্টাফ রিপোর্টার, মতলব:
মতলব দক্ষিণ উপজেলার চরপাথালিয়া এলাকার নুসরাত আক্তার (৯) ও মিথিলা আক্তার (৯) নামের দুই স্কুল শিক্ষার্থী পানিতে ডুবে মারা গেছে। সোমবার (১০ জুন) সন্ধায় ওই গ্রামের দেওয়ান বাড়ির পুকুরে পড়ে এ ঘটনাটি ঘটেছে ।
নুসরাত আক্তার ওই বাড়ীর দুলাল দেওয়ানের কণ্যা এবং মিথিলা আক্তার রিপন দেওয়ানের কণ্যা।সম্পর্কে তারা চাচাতো জেঠাতো বোন। উভয়ই স্থানীয় চরনীলক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।
এলাকাবাসী ও ওই স্কুলের শিক্ষকরা জানান, সোমবার স্কুল ছুটির পর ওই দুই শিক্ষার্থী তাদের বাড়ি চলে যায়। পরে দু’জনেই পার্শ্ববর্তী পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়।
বাড়ির লোকজন তাদেরকে একই সাথে হাতে হাত ধরা অবস্থায় উদ্ধার করে মতলব উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে শিক্ষক, শিক্ষার্থীদের কান্না-আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।


