স্টাফ রিপোর্টার
হাজীগঞ্জে বিষধর সাপের দংশনে মো. হান্নান মিজি (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাসিমাবাদ গোবিন্দপুর গ্রামের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত হান্নান মিজি ওই গ্রামের আবুল কালাম মিজির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে হান্নান মিজিকে বিষধর সাপে দংশন করে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে হান্নান মিজিকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষধর সাপের দংশনেই তার মৃত্যু হয়েছে।


