চাঁদপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান নদীমাতৃক

স্টাফ ‍রির্পোটার:

চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ‘নদীমাতৃক’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) বিকেল ৪টায় জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিল্পকলা একাডেমি সাংস্কৃতিক কর্মীদের প্রাণকেন্দ্র। শিল্প-সংস্কৃতির বিকাশই পারে সমাজকে সুস্থ পথে এগিয়ে নিতে।” তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্টের হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়াম কীভাবে পুনর্গঠন করা যায়, তা দেখতে সংসদ সদস্যের আমন্ত্রণে তিনি চাঁদপুরে এসেছেন।

তিনি বলেন, চাঁদপুরের সংসদ সদস্য জেলার উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন। একই সঙ্গে জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে জেলা প্রশাসকও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

অনুষ্ঠানের আয়োজনের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, অনুষ্ঠানে অতিথিদের নাম বারবার ঘোষণা করা হয়নি এবং মঞ্চে অপ্রয়োজনীয় আসনও রাখা হয়নি। সবাই দলগতভাবে কাজ করেছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। তিনি আশা প্রকাশ করেন, এ মঞ্চের অনেক শিল্পী ভবিষ্যতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

নদীমাতৃক বাংলাদেশের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নদী শুকিয়ে যাওয়ায় কৃষি ও পরিবেশ হুমকির মুখে পড়ছে। লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে এবং কৃষি উৎপাদনও ঝুঁকির মধ্যে রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় দেশের পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, যাতে কৃষকরা প্রয়োজনীয় সময়ে পর্যাপ্ত পানি পেয়ে উৎপাদন বাড়াতে পারেন।

যুবসমাজের প্রসঙ্গে তিনি বলেন, মাদক ও নেশার ভয়াবহ বিস্তার তরুণদের বিপথগামী করছে। এ সংকট মোকাবিলায় সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। শিল্প-সংস্কৃতির প্রসার তরুণ প্রজন্মকে সুস্থ, সৃজনশীল ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।

বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম শুধু একজন মন্ত্রী নন, তিনি একজন সংস্কৃতিমনা ও শিল্প-সংস্কৃতির প্রতি নিবেদিতপ্রাণ মানুষ। দীর্ঘ রাজনৈতিক পথচলায় অর্জিত অভিজ্ঞতা ও দক্ষতার কারণেই তিনি এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হয় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি। জেলা প্রশাসনের উদ্যোগে সীমিত পরিসরে অনুষ্ঠান আয়োজনের উপযোগী করা হলেও একাডেমিটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে আরও সংস্কার প্রয়োজন। এ বিষয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতা পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ মোস্তফা মিয়া, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন. জামিউল হিকমা, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আনোয়ার বাবলুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষপর্বে ঢাকা ও চাঁদপুরের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। গান, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে নদীমাতৃক বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনধারার নানা দিক তুলে ধরা হয়, যা দর্শকদের মুগ্ধ করে।