মতলব উত্তরে প্রবাসীর বাড়িতে মধ্যরাতে হামলা-লুটপাট

স্টাফ রির্পোটার:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের আমুয়াকান্দা গ্রামে এক মালয়েশিয়া প্রবাসীর বসতবাড়িতে মধ্যরাতে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটির পক্ষ থেকে সাকিল, আরিফ, সায়মন ও মনিরসহ ১০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে মতলব উত্তর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, আমুয়াকান্দা গ্রামের মৃত লপ্তে আলী বেপারীর ছেলে আবু তাহের তার মালয়েশিয়া প্রবাসী বড় ভাই মো. জসিম বেপারীর বাড়িতে সংঘটিত এই হামলার ঘটনায় অভিযোগটি করেন। গত শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন এবং ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। এলাকাবাসী তাদের এলাকায় আসতে এবং মাদক ব্যবসা করতে নিষেধ করায় উভয় পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। ওই বিরোধের জের ধরেই ঘটনার রাতে অভিযুক্তরা অতর্কিতে জসিম বেপারীর বাড়িতে হামলা চালায়।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, হামলাকারীরা ঘরের দরজা-জানালা ভেঙে প্রায় ১ লাখ টাকার ক্ষতি সাধন করে। এছাড়া ঘরের ভেতরের আসবাবপত্র, স্টিলের আলমারি ও শোকেস ভাঙচুর করে আরও প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে। একপর্যায়ে আলমারিতে থাকা ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় বাধা দিলে বাড়িতে থাকা প্রবাসী জসিম বেপারীর স্ত্রী ও বোনকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়া হয়।

ভুক্তভোগী আবু তাহের জানান, নারীদের চিৎকার শুনে তিনি ও স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। বর্তমানে অভিযুক্তদের ভয়ে পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।