স্কুল ফিডিং কর্মসূচিতে মতলবে বেড়েছে শিক্ষার্থীর উপস্থিতি

স্টাফ রির্পোটার:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্কুল ফিডিং কর্মসূচির ফলে শিক্ষার্থীদের উপস্থিতি ও পড়াশোনায় মনোযোগ উল্লেখযোগ্য হারে বেড়েছে।পুষ্টিহীনতা রোধে সহায়ক এই কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের সপ্তাহে পাঁচ দিন সিদ্ধ ডিম, বনরুটি, দুধ, কলা ও পুষ্টিকর বিস্কুট দেওয়া হচ্ছে । এতে বিদ্যালয়গুলোতে যেমন প্রাণচাঞ্চল্য ফিরেছে, তেমনি কমেছে স্কুলছুটের হার।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্যমতে, মতলব উত্তরের ১১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৬ হাজার১১১ জন শিক্ষার্থী নিয়মিত এই পুষ্টিকর খাবার পাচ্ছে। ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশিকুজ্জামান জানান, কর্মসূচিটি চালুর পর থেকে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ৯০ শতাংশেরও বেশি।

অভিভাবক আছমা আক্তার জানান, খাবার চালুর পর থেকে শিক্ষার্থীরা ঝড়-বৃষ্টির মধ্যেও ছাতা নিয়ে স্কুলে যেতে চায়। দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মালিহা ইসলাম ও চতুর্থ শ্রেণির রাবেয়া আক্তার জানায়, দুপুরের এই খাবার তাদের ক্লান্তি দূর করে এবং নিয়মিত স্কুলে আসতে উদ্বুদ্ধ করে।

কর্মসূচির ঠিকাদারি প্রতিষ্ঠান ‘প্রত্যাশা’র প্রোগ্রাম ম্যানেজার তাসনিম আলম জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী খাবারের গুণগত মান অক্ষুণ্ণ রেখে টেকনিক্যাল কর্মকর্তার যাচাই-বাছাইয়ের মাধ্যমে বিদ্যালয়ে খাবার পৌঁছে দেওয়া হয়। কোনো অভিযোগ আসলে তা তাৎক্ষণিক সমাধান করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুনুর রশিদ জানান, এই কর্মসূচির ফলে প্রাথমিক বিদ্যালয়গুলোতে চমৎকার পরিবেশ তৈরি হয়েছে। এটি শিক্ষার্থীদের স্কুলের প্রতি আগ্রহ এবং শিক্ষার সামগ্রিক গুণগত মান বাড়াতে বড় ভূমিকা রাখছে।