ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রির্পোটার:

চাঁদপুরের মতলব উত্তরে পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডলের তত্ত্বাবধানে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (২০ জুন) রাতে উপজেলার ৫নং দুর্গাপুর ইউনিয়নের হরিনা মুন্সি বাড়ির সামনের কাঁচা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (২১ জুন) মতলব উত্তর থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. মিয়াজ উদ্দিন (৫২)। তিনি দুর্গাপুর ইউনিয়নের হরিনা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, চাঁদপুরের পুলিশ সুপার রবিউল হাসানের সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীবের পরামর্শে এই অভিযান চালানো হয়। অভিযানে এসআই মো. রেজাউল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল হরিনা মুন্সি বাড়ির সামনে থেকে মিয়াজ উদ্দিনকে আটক করে। পরে তার দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল জানান, মাদক নির্মূলে মতলব উত্তর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

“ভবিষ্যতেও এলাকায় এমন মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।