সাহিত্য একাডেমির চার দশক পূর্তিতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

স্টাফ রির্পোটার:

গৌরব ও ঐতিহ্যের চার দশক পূর্তি উপলক্ষে বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ চারা উপহার প্রদান কর্মসূচি পালন করেছে সাহিত্য একাডেমি, চাঁদপুর। সংগঠনের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানমালার অংশ হিসেবে বুধবার (২৪ জুন) বেলা ১১টায় বাবুরহাট হাইস্কুল অডিটোরিয়ামে এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাহিত্য একাডেমির মহাপরিচালক কাদের পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি এবং বাবুরহাট হাইস্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সর্বস্তরে বৃক্ষরোপণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বাবুরহাট হাইস্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্যের বিভিন্ন বিষয়ের ওপর একটি তথ্যবহুল কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

সমগ্র অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বৃক্ষরোপণ ও বৃক্ষচারা উপহার প্রদান উপকমিটির আহ্বায়ক মোখলেছুর রহমান ভূঁইয়া এবং কাজী রাসেল। এছাড়াও সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাহিত্য একাডেমির নির্বাহী সদস্য সুমন কুমার দত্ত এবং সাধারণ সদস্য মুহাম্মদ হানিফ।

আয়োজনটি সফলভাবে সম্পন্ন হওয়ায় সাহিত্য একাডেমির নির্বাহী সদস্য ও ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গঠিত বৃক্ষরোপণ উপকমিটির আহ্বায়ক মোখলেছুর রহমান ভূঁইয়া এবং সদস্যসচিব পলাশ কুমার দে অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বাবুরহাট হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।