স্টাফ রির্পোটার:
চাঁদপুর সদর উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ-২/২০২৬ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৫০৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁদপুর সদর-এর আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
কর্মসূচির আওতায় ৭৫০ জন কৃষককে রোপা আমন ধানের বীজ ও সার, ১২০ জন কৃষককে মরিচ বীজ ও সার এবং ৬৩৫ জন কৃষককে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির গাছের চারা, সার ও অন্যান্য কৃষি উপকরণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম.এন জামিউল হিকমা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষি দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন নিশ্চিত করতে সরকার বিভিন্ন সময়ে কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সরকারের কৃষিবান্ধব নীতির ফলে দেশের কৃষি খাত আরও সমৃদ্ধ হচ্ছে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হচ্ছে।
তিনি আরও বলেন, জনগণের করের টাকায় কৃষকদের জন্য বীজ, সার ও কৃষি উপকরণ সরবরাহ করা হচ্ছে। তাই এসব উপকরণের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে কৃষক উপকৃত হওয়ার পাশাপাশি দেশের কৃষি উৎপাদনও বৃদ্ধি পায়। তিনি আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি চর্চা, কৃষিজমি সংরক্ষণ, পরিবেশ রক্ষা এবং অধিক ফলনশীল ফসল উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায়, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপকারভোগী কৃষকদের হাতে কৃষি উপকরণ তুলে দেন। এ সময় তিনি কৃষি উৎপাদন বৃদ্ধিতে সরকারের এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


