স্টাফ রির্পোটার:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব সফিকুল ইসলাম হানিরপাড় গ্রামের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। এ সময় তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
শনিবার (২৭ জুন) দুপুরে ছেংগারচর বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় গ্রামের বাসিন্দা ব্যবসায়ীদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সফিকুল ইসলাম বলেন, কলাকান্দা ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে তিনি নির্বাচনে অংশ নিতে আগ্রহী। তিনি বলেন, অতীতের মতো ভবিষ্যতেও সুখে-দুঃখে মানুষের পাশে থাকতে চান এবং দলমত নির্বিশেষে সবার সহযোগিতায় একটি মডেল ইউনিয়ন গড়ে তুলতে চান।
তিনি আরও বলেন, রাজনীতি বা জনপ্রতিনিধিত্বকে তিনি কখনো ব্যক্তিগত লাভের মাধ্যম হিসেবে দেখেন না। বরং মানুষের সেবা করার লক্ষ্য থেকেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একজন ব্যবসায়ী হিসেবে অর্জিত অভিজ্ঞতা ও সামর্থ্য কাজে লাগিয়ে ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চান বলেও জানান তিনি।
সফিকুল ইসলাম বলেন, চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার আগ থেকেই তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। মসজিদ, মন্দির, শ্মশানসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছেন। পাশাপাশি ঈদ, পূজা ও অন্যান্য উৎসবে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকেছেন।
তিনি কলাকান্দা ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত একটি নিরাপদ ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।


