স্টাফ রির্পোটার:
চাঁদপুর জেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য সর্বমোট ৮৫ কোটি ৩৬ লাখ ৩৬ হাজার ৭২৯ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৯ জুন) জেলা পরিষদের হলরুমে আয়োজিত এক মাসিক সভা ও বাজেট অধিবেশনে এই বাজেট পেশ করা হয়।
জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট একেএম সলিম উল্লাহ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে এই বাজেট উপস্থাপন করেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার।
বাজেট উপস্থাপনকালে নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার জানান, প্রস্তাবিত এই বাজেটে জেলা পরিষদের নিজস্ব তহবিল, সরকারি অনুদান, বিভিন্ন খাতের সম্ভাব্য আয় এবং প্রারম্ভিক স্থিতি অন্তর্ভুক্ত করা হয়েছে।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট একেএম সলিম উল্লাহ সেলিম প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখার ওপর তাগিদ দিয়ে বলেন, “একই প্রকল্পে যেন দুইবার আর্থিক অনুমোদন না দেওয়া হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে কঠোরভাবে সতর্ক থাকতে হবে।” তিনি নারীর শিক্ষা ও ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরে আরও বলেন, “নারীদের শিক্ষিত করে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে হবে।” এর পাশাপাশি দেশকে দুর্নীতি, বাল্যবিবাহ, ক্ষুধা, কিশোর গ্যাং, মাদক এবং জামায়াতমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বাজেট সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মোছাদ্দেক হোসেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, চাঁদপুর টেলিভিশন ফোরামের সভাপতি কাদের পলাশ এবং সাধারণ সম্পাদক তালহা জুবায়ের।
এ সময় জেলার ৮টি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা পরিষদের প্রকৌশলী শাহাদাত হোসেন চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এ. লতিফ, সাবেক সভাপতি কাজী শাহাদাত, সাবেক সভাপতি শরীফ চৌধুরী, রহিমা বাদশাহসহ জেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


