টাইব্রেকারে জিতে দ্বিতীয় রাউন্ডে হানিরপার স্পোর্টিং ক্লাব

স্টাফ রির্পোটার:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ডাবল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচে টাইব্রেকারের রোমাঞ্চকর লড়াইয়ে মামুন ফুটবল একাদশকে ৪-৩ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে হানিরপার স্পোর্টিং ক্লাব।

সোমবার (২৯ জুন) বিকেলে অনুষ্ঠিত ম্যাচটি শুরু থেকেই ছিল উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। খেলার প্রথমার্ধে উভয় দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় এবং একটি করে গোল করে সমতায় থেকে বিরতিতে যায়। বিরতির পরও পাল্টাপাল্টি আক্রমণে আরও একটি করে গোল করলে নির্ধারিত সময় শেষে ম্যাচের স্কোর দাঁড়ায় ২-২।

ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণে গড়ায় টাইব্রেকারে। স্নায়ুচাপের এই লড়াইয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে হানিরপার স্পোর্টিং ক্লাব ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে এবং টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে।

ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেফ মাহমুদ সংগ্রাম, সদস্য সচিব শাহরিয়ার কামাল, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাজিব, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খানসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

খেলা শেষে অতিথিরা বিজয়ী দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান। তারা বলেন, তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে সুস্থ বিনোদনের পাশাপাশি শৃঙ্খলা, সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ম্যাচটি দেখতে মাঠে শত শত ফুটবলপ্রেমী দর্শকের সমাগম ঘটে। প্রতিটি গোল, আক্রমণ এবং টাইব্রেকারের প্রতিটি শটে দর্শকদের উচ্ছ্বাসে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে। শেষ পর্যন্ত হানিরপার স্পোর্টিং ক্লাবের জয়ে সমর্থকদের আনন্দ-উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ।