স্টাফ রির্পোটার:
চাঁদপুরের মতলব উত্তরে অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ডাবল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে টাইব্রেকারের রোমাঞ্চকর লড়াইয়ে মতলব দক্ষিণ উপজেলা একাদশকে ৪-৩ গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে একুশে ক্লাব, চাঁদপুর।
মঙ্গলবার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ম্যাচের নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলে সমতায় থাকায় ফল নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানে একুশে ক্লাব চাঁদপুর ৪-৩ গোলে জয় নিশ্চিত করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব বলেন, “মতলব সার্কেলে মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি যে-ই হোক, তার পরিচয় বা প্রভাব যাই থাকুক, কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। কিশোর ও যুবকরা খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকলে তারা মাদক থেকে দূরে থাকবে এবং ইতিবাচক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত করবে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়া আয়োজন নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
এএসপি জাবীর হুসনাইন সানীব আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তোলার দায়িত্ব শুধু পুলিশের নয়। অভিভাবক, জনপ্রতিনিধি, সমাজের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সুন্দর ও মাদকমুক্ত মতলব গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছেংগারচর পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী। তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাঠমুখী করে মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রাখাই এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। তরুণদের খেলাধুলা ও শিক্ষার প্রতি আরও আগ্রহী করে তুলতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম কিরণ, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেক মাহমুদ সংগ্রাম, পৌর যুবদলের সদস্য সচিব আলম সরকার, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ফয়সাল খন্দকার, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, সাবেক সভাপতি রাজিব এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক পলাশ সরকার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বিজয়ী একুশে ক্লাব চাঁদপুরের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।


