ফরিদগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রির্পোটার:

চাঁদপুরের ফরিদগঞ্জে প্রবাসী স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে সীমা আক্তার (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১ জুলাই) উপজেলার চর কুমিরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সীমা আক্তার উপজেলার চর কুমিরা গ্রামের সৌদি প্রবাসী নবীর হোসেনের স্ত্রী এবং কাছিয়াড়া গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাবার বাড়ির বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে সীমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিন বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। এ দম্পতির ১৯ মাস বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।

নিহতের ভাই মানিক হোসেন অভিযোগ করেন, প্রবাসে অবস্থান করলেও গত কয়েক দিন ধরে সীমার সঙ্গে তাঁর স্বামীর পারিবারিক বিরোধ চলছিল। মঙ্গলবার রাতে এবং বুধবার সকালেও তাদের মধ্যে তীব্র বাক্‌বিতণ্ডা হয়। তিনি দাবি করেন, শ্বশুরবাড়ির লোকজনের মানসিক নির্যাতনের কারণে সীমা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দেবেন বলে জানান।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্লাহ জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আত্মহত্যার কারণ সম্পর্কে পরিবারের অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্তাধীন এবং পুলিশের তদন্ত শেষে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।