স্টাফ রির্পোটার:
চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের তিন সহযোগী পালিয়ে যায়।
ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) বিকাশ চক্রবর্তীর নেতৃত্বে একটি দল চাঁদপুর সদর মডেল থানার পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জিটি রোড এলাকায় শফিক ভূঁইয়া বাড়ির ভাড়াটিয়া বোরহানের বাসায় অভিযান পরিচালনা করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ডিবি সদস্যরা ইসমাইল হোসেন সাগর (২৮) ও মো. খোরশেদ আলম (২৯)-কে আটক করতে সক্ষম হন। তবে বোরহান (৩৮), রানা ও রাজিব মাঝি পালিয়ে যান।
আটকদের দেহ তল্লাশি করে ইসমাইল হোসেন সাগরের কাছ থেকে ৫০ পিস এবং মো. খোরশেদ আলমের কাছ থেকে ৪ পিসসহ মোট ৫৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, পলাতক বোরহানের সহযোগিতায় তারা কুমিল্লা থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে চাঁদপুরে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মজুত করেছিলেন।
উদ্ধার করা ইয়াবার মধ্যে দুই পিস রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে এবং অবশিষ্ট ৫২ পিস জব্দ করা হয়েছে।
এ ঘটনায় এসআই (নিরস্ত্র) বিকাশ চক্রবর্তী বাদী হয়ে আটক দুইজন ও পলাতক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়েরের আবেদন করেছেন।


