জাতীয় পল্লী উন্নয়ন দিবসে চাঁদপুরে র‌্যালি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার:

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে চাঁদপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), চাঁদপুরের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মো. এরশাদ উদ্দিন বলেন, বর্তমান প্রতিপাদ্যের মধ্যেই দেশের উন্নয়নের মূল দর্শন নিহিত রয়েছে। আমাদের শেকড় গ্রামে, তাই পল্লীর উন্নয়নই দেশের উন্নয়নের মূল ভিত্তি। গ্রাম ও পল্লী অঞ্চল উন্নত ও সমৃদ্ধ হলে দেশও উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে।

তিনি বলেন, পল্লী উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং গ্রামের বিদ্যমান সম্পদ ও সম্ভাবনাকে আধুনিক, পরিকল্পিত ও টেকসইভাবে কাজে লাগানোর মাধ্যমেই প্রকৃত পল্লী উন্নয়ন সম্ভব। কৃষি, পশুপালন, সেচ ব্যবস্থা এবং গ্রামীণ অর্থনীতির বিভিন্ন খাতের উন্নয়নের পাশাপাশি গ্রামাঞ্চলের মানুষের কাছে বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে হবে।

তিনি আরও আশা প্রকাশ করেন, সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরসমূহ পল্লী উন্নয়নের কর্মসূচিগুলো যথাযথভাবে বাস্তবায়ন করবে এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে আরও কার্যকর ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. লুৎফর রহমান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন. জামিউল হিকমা এবং চাঁদপুর সদর ইউসিসিএ লিমিটেডের সভাপতি মো. জসীম উদ্দীন খান বাবুল।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) চাঁদপুরের উপপরিচালক মো. আল-আমিন।

বিআরডিবির সুফলভোগীদের পক্ষে বক্তব্য দেন বাগাদী নানুপুর কৃষক সমবায় সমিতির সভাপতি জাকির হোসেন খান এবং তরপুরচন্ডী বৃত্তহীন মহিলা দলের ম্যানেজার সাবানী বেগম।

আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর কর্মকর্তা, সমবায় সংগঠনের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে চাঁদপুর সদর উপজেলার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর সদস্যদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।