স্টাফ রিপোর্টার:
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), ফরিদগঞ্জের উদ্যোগে উপজেলা কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ বিআরডিবির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম নান্টু, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া।
বক্তারা বলেন, পল্লী উন্নয়নই দেশের সামগ্রিক উন্নয়নের ভিত্তি। এটি শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা বলেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ক্ষুদ্রঋণ, স্বাবলম্বী প্রকল্পসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। সরকারের উন্নয়ন কর্মসূচির সুফল যাতে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে উপকারভোগীদের পক্ষে বক্তব্য দেন ক্ষুদ্রঋণ গ্রহীতা আনোয়ার হোসেন, মজিবুর রহমান ও তছলিম উদ্দিন।
আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ উপকারভোগীদের সম্মাননা প্রদান এবং সমবায়ীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।


