স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে তিনি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম, সেবার মান এবং দাপ্তরিক ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদের বিভিন্ন দপ্তরের কার্যক্রম ঘুরে দেখেন এবং গুরুত্বপূর্ণ নথিপত্র পর্যালোচনা করেন। একই সঙ্গে সরকারি সেবা কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জনমুখী করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে একটি গাছের চারা রোপণ করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ সময় মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, ষাটনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদাউস আলমসহ ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর, যার মাধ্যমে তৃণমূল পর্যায়ের মানুষের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়া হয়। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন এবং নাগরিক সেবা নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য বাস্তবায়নে প্রতিটি ইউনিয়নে ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) চালু করে সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে।
তিনি আরও বলেন, প্রশাসনিক কাজে জবাবদিহিতা, সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জনগণ যাতে সহজে ও হয়রানিমুক্তভাবে সরকারি সেবা পেতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জেলা প্রশাসকের এ ধরনের নিয়মিত মাঠপর্যায়ের পরিদর্শন স্থানীয় প্রশাসনের কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সহায়তা করে। পাশাপাশি সরকারি সেবার গুণগত মান বৃদ্ধি এবং চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি তদারকিতেও এটি ইতিবাচক ভূমিকা রাখে।


