স্টাফ রির্পোটার:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের মানিকরাজ এলাকায় মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে স্থানীয়দের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে মধ্য মানিকরাজ বাইতুল মামুর জামে মসজিদের সামনে আয়োজিত এ সমাবেশে এলাকাবাসী, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ ও ধর্মীয় ব্যক্তিত্বরা অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা রফিকুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন দেইচর দর্জি বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা ওমর ফারুক। শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন মাওলানা মোক্তার হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন গাজীপুর আহাম্মদিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবু সাঈদ, শোশাইরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাহাউদ্দীন বাবলু, ইউপি সদস্য ফজলুল হক মিজি, সাবেক ছাত্রদল নেতা ইয়ার হোসেন মুন্সী, চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক মো. আনোয়ার হোসেন, সমাজসেবক অ্যাডভোকেট বিপ্লব দেবনাথ, খোরশেদ আলম মিজি, মো. রিপন গাজী, সাইফুল ইসলাম এবং মাওলানা মো. হাবিবুর রহমান।
সমাবেশে উপস্থিতদের সামনে স্থানীয়দের ভাষ্য অনুযায়ী মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত আব্দুল মান্নান প্রকাশ্যে তওবা করেন। তিনি ভবিষ্যতে মাদকসংক্রান্ত কোনো কর্মকাণ্ডে জড়িত না থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সমাজ থেকে মাদকের বিস্তার রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির ক্ষতি করে না, এটি পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি। মাদকের কারণে সামাজিক অবক্ষয়, অপরাধপ্রবণতা ও পারিবারিক অশান্তি বাড়ছে। তাই এ সমস্যা মোকাবিলায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি তরুণদের নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
সমাবেশে উপস্থিত বক্তারা একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।


