স্টাফ রির্পোটার:
চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে মাদক, জুয়া ও নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে আদালতে প্রেরণ করা হয়।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় পুলিশের রাত্রিকালীন বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক মামলার ২ জন, নিয়মিত মামলার ১ জন, জুয়া আইনের মামলায় ৯ জন এবং বিভিন্ন অপরাধে জড়িত আরও ৪ জন রয়েছেন। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
বুধবার (৮ জুলাই) কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে গ্রেপ্তারকৃত ১৬ জনকে চাঁদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শাহরাস্তি মডেল থানা পুলিশ জানায়, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে পুলিশের ধারাবাহিক অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা মনে করছেন। তারা অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এমন তৎপরতা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।


