স্টাফ রিপোর্টার :
চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ফার্মেসি ও মেডিকেল ইকুইপমেন্ট স্টোরে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ফিজিশিয়ান স্যাম্পল মজুদ, লাইসেন্স ও অ্যান্টিবায়োটিক রেজিস্টার না রাখাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৮ জুলাই) জেলা প্রশাসন, চাঁদপুরের উদ্যোগে পরিচালিত এ মোবাইল কোর্টে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সদর উপজেলার বিভিন্ন স্থানে ফার্মেসি ও মেডিকেল ইকুইপমেন্ট স্টোরে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে বিভিন্ন প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ, ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যাওয়া, বৈধ লাইসেন্সের অনুপস্থিতি এবং বাধ্যতামূলক অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না করার মতো অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধে ওষুধ ও কসমেটিক্স আইন, ২০২৩ অনুযায়ী সংশ্লিষ্ট ফার্মেসি ও মেডিকেল ইকুইপমেন্ট স্টোরগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানকে মোট ১,০০,০০০ /- (এক লাখ) টাকা অর্থদণ্ড করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ ও মানসম্মত ওষুধ বিক্রি নিশ্চিত করা এবং ফার্মেসিগুলোকে আইন মেনে পরিচালনায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।


