সরকারি দামের বেশি এলপিজি বিক্রি, জরিমানা ২৫ হাজার

স্টাফ রির্পোটার:

চাঁদপুর, ৯ জুলাই: সরকার নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার ওয়ারলেস বাজার, বাগাদী বাজার, বাঘরা বাজার, চাঁদপুর শহর এবং বাবুরহাট এলাকার বিভিন্ন এলপিজি বিক্রেতা দোকান ও ডিলার পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সরকার নির্ধারিত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে কিনা তা তদারকি করেন। এ সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর অধীনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং সরকার নির্ধারিত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে এ ধরনের বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।