শাহরাস্তির কাঁকৈরতলায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে যাত্রীবাহী বাস

স্টাফ রির্পোটার:

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার কাঁকৈরতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদসংলগ্ন স্থানে পরে যায় একটি যাত্রীবাহী বোগদাদ পরিবহনের বাস। এ ঘটনায় বাসটি বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে অল্পের জন্য রক্ষা পায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর থেকে কুমিল্লাগামী বোগদাদ পরিবহনের বাসটি কাঁকৈরতলা এলাকায় পৌঁছালে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়কের পাশের ঢালে উঠে কাত হয়ে যায়। এ সময় বাসে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে যাত্রীদের নিরাপদে বাস থেকে নামতে সহায়তা করেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যাত্রীরা বিকল্প ব্যবস্থায় গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন।

প্রত্যক্ষদর্শীদের ধারণা, অতিরিক্ত গতি কিংবা সড়ক পিচ্ছিল থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় স্থানীয়রা মহাসড়কে যানবাহন চালানোর ক্ষেত্রে চালকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তাঁদের মতে, সামান্য অসতর্কতায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। ভাগ্যক্রমে এ যাত্রায় সকল যাত্রী প্রাণে রক্ষা পেয়েছেন।