নোটিশ ছাড়াই ১৬ ঘণ্টা বিদ্যুৎহীন হাইমচর

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের হাইমচর উপজেলায় পূর্ব ঘোষণা ছাড়াই টানা প্রায় ১৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। শুক্রবার (১০ জুলাই) রাত ২টা থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় প্রচণ্ড গরমে শিশু, বয়োবৃদ্ধসহ সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। একই সঙ্গে বিশুদ্ধ পানির সংকট, ব্যবসা-বাণিজ্যে ক্ষয়ক্ষতি এবং এইচএসসি পরীক্ষার্থীদের পড়াশোনায়ও বিঘ্ন সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে হাইমচর পল্লী বিদ্যুৎ সমিতির দায়িত্বপ্রাপ্ত লাইনম্যানদের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরগুলো বন্ধ পাওয়া যায়। ফলে গ্রাহকরা দীর্ঘ সময় কোনো ধরনের তথ্য বা আপডেট পাননি।

দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ফ্রিজে সংরক্ষিত খাদ্য ও ওষুধ নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মোবাইল ফোন চার্জ দিতে না পারায় জরুরি যোগাযোগ ব্যাহত হচ্ছে। এছাড়া পানির পাম্প বন্ধ থাকায় উপজেলার বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানির সংকট তৈরি হয়েছে। বিদ্যুৎ না থাকায় স্থানীয় ব্যবসায়ীরাও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

এলাকাবাসীর দাবি, এমন পরিস্থিতিতে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে নিয়মিত তথ্য প্রদান ও গ্রাহকদের সঙ্গে কার্যকর যোগাযোগ নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এ বিষয়ে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির হাইমচর সাব-জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রোকসানা বেগম জানান, ৩৩ কেভি লাইনে ত্রুটি দেখা দেওয়ায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। সমস্যা সমাধানে দুই উপজেলার কর্মকর্তা-কর্মচারীরা একযোগে কাজ করছেন। তিনি বলেন, সন্ধ্যার পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে। অনাকাঙ্ক্ষিত এ ভোগান্তির জন্য তিনি গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেন।