স্টাফ রির্পোটার:
চাঁদপুরের মতলব ধনাগোদা নদীর ওপর নির্মিত মতলব সেতুর উত্তর পাশের অ্যাপ্রোচ সড়কে ভাঙন দেখা দেওয়ায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। টানা বৃষ্টির কারণে সড়কের একাংশে বড় ধরনের গর্ত ও সুরঙ্গ সৃষ্টি হওয়ায় যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে সরেজমিনে দেখা যায়, সেতুর উত্তর প্রান্তের বাইশপুর এলাকায় অ্যাপ্রোচ সড়কের নিচে মাটি সরে গিয়ে বড় ধরনের সুরঙ্গ তৈরি হয়েছে। ফলে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ সড়ক দিয়ে প্রতিদিন চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ আশপাশের বিভিন্ন জেলা-উপজেলার হাজারো যানবাহন এবং ঢাকাগামী যাত্রীরা চলাচল করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক মাস আগে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করলেও সাম্প্রতিক ভারী বৃষ্টিতে আবারও ভাঙন দেখা দিয়েছে। এতে চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।
পথচারী মো. মিজানুর রহমান বলেন, “দিন-রাত এই সড়ক দিয়ে চলাচল করি। এখন রাস্তার যে অবস্থা, তাতে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।”
স্থানীয় বাসিন্দা মো. তানভীর হোসেন বলেন, “এই স্থানটিতে প্রায়ই ভাঙন দেখা দেয়। কয়েক মাস আগে সংস্কার করা হলেও বৃষ্টির কারণে আবার সুরঙ্গ তৈরি হয়েছে।”
ইউপি সদস্য গোলাম নবী খোকন বলেন, “দ্রুত স্থায়ীভাবে সংস্কার না করলে সেতুর অ্যাপ্রোচ সড়কের আরও বড় ক্ষতি হতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই।”
অটোরিকশাচালক আশরাফ আলী বলেন, “বৃষ্টি হলেই এই জায়গা ভেঙে যায়। ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়। দ্রুত সড়কটি মেরামত করা প্রয়োজন।”
এলাকাবাসী ও পথচারীরা জনদুর্ভোগ নিরসনে সড়কটির স্থায়ী সংস্কারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম ইশমাম বলেন, “ভারী বৃষ্টির কারণে সড়কের নিচে সুরঙ্গ সৃষ্টি হয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত অংশের মেরামত কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।”


