স্টাফ রির্পোটার:
চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ বালিয়া ৮ নম্বর ওয়ার্ডে প্রায় ৫০ বছরেরও বেশি সময় ধরে ব্যবহৃত একমাত্র কাঁচা রাস্তাটি বর্তমানে চরম বেহাল অবস্থায় রয়েছে। টানা বর্ষণ ও অতিবৃষ্টির কারণে রাস্তাজুড়ে কাদা-পানিতে একাকার হয়ে গেছে, ফলে যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটেও চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, দক্ষিণ বালিয়া ও মদনা এলাকার সংযোগকারী এই গুরুত্বপূর্ণ সড়কটি ব্যবহার করে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। এলাকার শিক্ষার্থীরা পার্শ্ববর্তী বাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই রাস্তা দিয়েই যাতায়াত করে। বর্ষাকালে কাদা মাড়িয়ে স্কুলে যেতে গিয়ে তাদের পোশাক-পরিচ্ছদ নষ্ট হয়ে যায় এবং চরম ভোগান্তির শিকার হতে হয়।
এছাড়া জরুরি মুহূর্তে অসুস্থ রোগীদের অ্যাম্বুলেন্সে নেওয়া সম্ভব না হওয়ায় অনেক সময় কাঁধে করে রাস্তা পার করে হাসপাতালে নিতে হয়। একইভাবে, কাদার কারণে অনেক মুসল্লি মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করতে না পেরে ঘরেই নামাজ পড়তে বাধ্য হচ্ছেন।
স্থানীয় এলাকাবাসীর দাবি, দক্ষিণ বালিয়া ও মদনার মধ্যবর্তী এই এলাকার অধিকাংশ মানুষ বিএনপি-সমর্থিত হওয়ায় অতীতের সরকার রাজনৈতিক বিবেচনায় দীর্ঘদিন ধরে রাস্তাটির কোনো উন্নয়ন করেনি। তবে এই দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
এলাকাবাসী দীর্ঘদিনের পুরোনো ও গুরুত্বপূর্ণ এই কাঁচা রাস্তাটি দ্রুত সংস্কার করে জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


