স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে এক প্রবাসীর কাছ থেকে অতিরিক্ত আদায় করা অর্থ ফেরত দেওয়া হয়।
সোমবার (১৩ জুলাই) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের ফিশারি গেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সরকার নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত অর্থ আদায়, প্রবাসীদের হয়রানি এবং ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার অভিযোগে ‘সম্পূর্ণ কম্পিউটার’ নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেন চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। জরিমানার অর্থ প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে।
এ সময় মিতু আক্তার নামে এক প্রবাসীর অভিযোগের ভিত্তিতে কোনো কাজ সম্পন্ন না করেই অতিরিক্ত আদায় করা অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ফেরত দিতে বাধ্য করা হয়।
এছাড়া নিয়মিত তদারকির অংশ হিসেবে আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। ভোক্তা অধিকারবিষয়ক সচেতনতা বাড়াতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়।
অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


