স্টাফ রিপোর্টার:
চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নে সরকারি খাল ভরাটের অভিযোগে এক বালু ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৬ জুলাই) বালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে সরকারি খাল ভরাটের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে পরিদর্শন করেন চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি। পরিদর্শনকালে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
এ সময় অভিযুক্ত বালু ব্যবসায়ী মোবারক পাটোয়ারীকে আটক করা হলে তিনি অপরাধ স্বীকার করেন। পরে মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর তফসিলভুক্ত বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে অভিযুক্তের পরিচালিত ড্রেজার মেশিন অকেজো করে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রশাসন জানিয়েছে, সরকারি খাল, জলাশয় ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


