স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের হাইমচরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক, জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জুলাই শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে বক্তারা শহিদদের আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরে নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়। তিনি বলেন, “জুলাই শুধু একটি মাসের নাম নয়; এটি অন্যায়ের বিরুদ্ধে সমষ্টিগত প্রতিরোধ, সাহস ও আত্মত্যাগের প্রতীক।” তিনি শহিদদের আদর্শ ধারণ করে দেশপ্রেম, মানবিকতা ও ন্যায়বোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাকিল খন্দকার। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুন নবী, হাইমচর থানার ওসি নাজমুল হাসান, হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম এবং জুলাই আন্দোলনের যোদ্ধা প্রফেসর হারুনর রশীদ গাজী।
বক্তারা বলেন, জুলাই শহিদদের আত্মত্যাগ দেশের ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শেষে জুলাই শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আদর্শ বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।


