স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার বাত্তলা এলাকায় গৃহবধূ রিগান আক্তার মীম (২৪) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশ জানায়, গত ১৫ জুলাই দিবাগত রাত আনুমানিক ১টা ৩৫ মিনিট থেকে ৩টা ৩০ মিনিটের মধ্যে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হত্যার রহস্য উদঘাটনে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেন। পরে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. লুৎফর রহমানের নেতৃত্বে, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. আব্দুল হাই চৌধুরী, শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং তদন্ত কর্মকর্তাসহ একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়।
তদন্তের একপর্যায়ে সন্দেহভাজন কাজী সুমাইয়া হোসেন মিনা (২৩)-কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি পারিবারিক কলহের জেরে রিগান আক্তার মীমকে গলা চেপে শ্বাসরোধ করে হত্যার কথা প্রাথমিকভাবে স্বীকার করেন বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় নিহতের বাবা মো. কবির হোসেনের লিখিত অভিযোগের ভিত্তিতে শাহরাস্তি মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়। পরে গ্রেপ্তারকৃত কাজী সুমাইয়া হোসেন মিনাকে আদালতে পাঠানো হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পুলিশ জানায়, মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।


