স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের হাইমচর উপজেলায় কৃষকদের সরকারি কৃষি সেবা আরও সহজলভ্য ও আধুনিক ব্যবস্থাপনার আওতায় আনতে কৃষক কার্ডের জন্য কৃষক তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় উপজেলার ২ নম্বর আলগী উত্তর ইউনিয়নের কমলাপুর গ্রামে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর কৃষকদের উপস্থিতিতে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে হাইমচর উপজেলা কৃষি কর্মকর্তা শাকিল খন্দকার বলেন, কৃষকদের একটি নির্ভুল ও হালনাগাদ তথ্যভাণ্ডার গড়ে তোলার লক্ষ্যেই এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। কৃষক কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের সহজে শনাক্ত করা সম্ভব হবে। ফলে সরকারের বিভিন্ন কৃষি প্রণোদনা, ভর্তুকি, উন্নতমানের বীজ, সার, কৃষি উপকরণ ও অন্যান্য সেবা আরও স্বচ্ছ ও দ্রুততার সঙ্গে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া যাবে।
তিনি আরও বলেন, কৃষক কার্ড চালুর মাধ্যমে সরকারি কৃষি সহায়তা কার্যক্রম আরও কার্যকর হবে। তাই প্রকৃত তথ্য দিয়ে এ কর্মসূচি সফল করতে সকল কৃষকের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর হারুনুর রশীদ গাজী, আলগী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান পাটওয়ারী, হাইমচর প্রেসক্লাবের সহ-সভাপতি খন্দকার এ. কে. আজাদ, বিএনপি নেতা আলী আকবর টেলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক কৃষক।
বক্তারা বলেন, কৃষক কার্ড চালুর মাধ্যমে কৃষকদের সঠিক তথ্য সংরক্ষণ নিশ্চিত হবে এবং সরকারি কৃষি সহায়তা প্রকৃত কৃষকদের কাছে সহজে পৌঁছাবে। এতে কৃষি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বৃদ্ধি পাবে।
সংশ্লিষ্টরা জানান, উদ্বোধনের মধ্য দিয়ে হাইমচর উপজেলায় কৃষক তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সব ইউনিয়নে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।


