শাহরাস্তির গৃহবধূ হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বাত্তলা (বেপারী বাড়ি) এলাকায় গৃহবধূ রিগান আক্তার মীম হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় প্রধান আসামি কাজী সুমাইয়া হোসেন মিনা (২৩)কে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) রাত আনুমানিক ১টা ৩৫ মিনিট থেকে সাড়ে ৩টার মধ্যে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত রিগান আক্তার মীম শাহরাস্তি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. কবির হোসেনের মেয়ে এবং সাইফুল ইসলাম রনির স্ত্রী।

ঘটনার খবর পেয়ে চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে শাহরাস্তি থানা পুলিশ ক্রাইম সিন সংরক্ষণ, আলামত সংগ্রহ এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. লুৎফর রহমানের নেতৃত্বে, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. আব্দুল হাই চৌধুরী, শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং তদন্ত কর্মকর্তার সমন্বয়ে একটি বিশেষ তদন্ত টিম গঠন করা হয়।

তদন্তের একপর্যায়ে সন্দেহভাজন হিসেবে কাজী সুমাইয়া হোসেন মিনাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি পারিবারিক বিরোধের জেরে রিগান আক্তার মীমের গলা চেপে শ্বাসরোধ করে হত্যার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় নিহতের বাবা মো. কবির হোসেনের লিখিত অভিযোগের ভিত্তিতে শাহরাস্তি মডেল থানায় পেনাল কোডের ৩০২ ধারায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামি কাজী সুমাইয়া হোসেন মিনাকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে শাহরাস্তি থানা পুলিশ।