৮৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের শাহরাস্তিতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।

সোমবার (২০ জুলাই) দুপুরে শাহরাস্তি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নিজ মেহের তালতলা মোড়ের লামিয়া স্টোরের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান-এর সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. শরীফুল ইসলাম ও এএসআই এরশাদ মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

আটকরা হলেন, চাঁদপুর সদর উপজেলার বাংলাবাজার এলাকার মো. ইমতিয়াজের ছেলে মো. রাসেল (২৬), বর্তমানে শাহরাস্তির নিজ মেহের এলাকায় বসবাসকারী এবং শাহরাস্তি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রুহুল কুদ্দুসের ছেলে মো. জসিম উদ্দিন (৩২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৮৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা (এফআইআর নং-৩৭, জিআর নং-২৩০) দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।”