চাঁদপুরে ভোক্তা অভিযানে বেকারিকে জরিমানা

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে মহামায়া বাজার ও ছোট সুন্দর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও সংরক্ষণ এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছাড়া খাদ্যপণ্য তৈরির অভিযোগে আনন্দ বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে।

এ সময় অভিযানের অংশ হিসেবে আশপাশের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও ভোক্তাদের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।