স্টাফ রির্পোটার:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সড়ক দুর্ঘটনায় খাদিজা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার তাতুয়া এলাকার বেড়িবাঁধ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত খাদিজা বেগম মতলব দক্ষিণ উপজেলার খিদিরপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের স্ত্রী। তার এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। ছেলে বর্তমানে সৌদি আরবে কর্মরত।
জানা যায়, প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে তাতুয়া এলাকায় এসেছিলেন খাদিজা বেগম। ওষুধ দিয়ে ফেরার পথে একটি অটোরিকশায় ওঠার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির হাইচ গাড়ি তাকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী সোহাগ হালদার জানান, অটোরিকশায় ওঠার প্রস্তুতির সময় দ্রুতগতির একটি হাইচ গাড়ি এসে খাদিজা বেগমকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে এলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, প্রাথমিকভাবে এটি সড়ক দুর্ঘটনা বলে নিশ্চিত হওয়া গেছে। ঘাতক হাইচ গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


