স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের রূপসা আহমদিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ। বুধবার (২২ জুলাই) বিদ্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরকারি প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
সভায় শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির বাস্তবায়ন, খেলাধুলা ও সহপাঠক্রমিক কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ জোরদার, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং ডিজিটাল ডিভাইসের অপব্যবহার রোধে কাউন্সেলিং কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় জেলা শিক্ষা কর্মকর্তা শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে শিক্ষক-অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।


