ভরণ-পোষণ চাওয়ায় মাকে হত্যাচেষ্টা, ছেলে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ভরণ-পোষণের টাকা চাওয়াকে কেন্দ্র করে মাকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় ছেলে সাইফুল ইসলাম (২৬)-কে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।

বুধবার (২২ জুলাই) উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের খলিল মেম্বারের বাড়ি এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, স্বামীর মৃত্যুর পর রেহেনা বেগম দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস করছেন। অভিযোগ রয়েছে, বড় ছেলে সংসারে সহযোগিতা করলেও ছোট ছেলে সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে মায়ের ভরণ-পোষণের দায়িত্ব পালন করেননি। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা হলেও কোনো সমাধান হয়নি।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ১৫ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে ভরণ-পোষণের টাকা চাইলে সাইফুল ইসলাম ক্ষিপ্ত হয়ে মাকে মারধর করেন। একপর্যায়ে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করেন এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় রেহেনা বেগমকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসা শেষে তিনি শাহরাস্তি মডেল থানায় পিতা-মাতার ভরণ-পোষণ আইন অনুযায়ী মামলা দায়ের করেন।

বুধবার উপ-পরিদর্শক (এসআই) শমসেদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেন।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, মায়ের দায়ের করা মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।