ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বড়ালী এলাকায় সড়ক দুর্ঘটনায় মেহরাজ মাহমুদ জুম্মান (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

বুধবার (২২ জুলাই) বিকেলে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের বড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুম্মান বড়ালী গ্রামের আহসান দেওয়ানের ছোট ছেলে। তিনি চলতি বছর স্থানীয় একটি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীদের ভাষ্য অনুযায়ী, একটি অটোরিকশা ফরিদগঞ্জ সদরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল আরোহী জুম্মান ঘটনাস্থলেই নিহত হন। এ সময় অটোরিকশার যাত্রী তাহসীন (১৬), লিলু বেগমসহ আরও কয়েকজন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল জানান, দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে এবং বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।