বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বাল্যবিবাহ, যৌতুক এবং নারী-শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ফটিকখিরা ছালামত উল্লাহ আমেনা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “বাল্যবিবাহকে না বলি, সুন্দর জীবন গড়ি। জীবনে প্রতিষ্ঠিত হতে হলে লেখাপড়ার কোনো বিকল্প নেই। কেউ জোরপূর্বক বাল্যবিবাহ দিতে চাইলে সাহসের সঙ্গে প্রতিবাদ করবে এবং শিক্ষক কিংবা প্রশাসনকে জানাবে।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন (এমএসসি)।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মজিবুর রহমান, সাবেক সহকারী প্রধান শিক্ষক দীন মোহাম্মদ, ফটিকখিরা আমেনা স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বর্তমান পরিচালনা কমিটির সভাপতি মরিয়ম বেগম, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামো, বিশেষ করে সীমানাপ্রাচীরের প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত হন এবং বিদ্যালয় পরিদর্শন করেন। পরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন তিনি।

আয়োজকরা জানান, বাল্যবিবাহ, যৌতুক ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।