স্টাফ রিপোর্টার:
শাহরাস্তি উপজেলা আইনশৃঙ্খলা কমিটি ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক, জুয়া ও সামাজিক অবক্ষয় রোধে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আইনশৃঙ্খলা রক্ষায় সবার সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান জানান।
তিনি আরও বলেন, সরকারি উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ বরদাশত করা হবে না। কোথাও দুর্নীতি বা জনগণের অধিকার ক্ষুণ্ন হলে তা প্রশাসনের নজরে আনতে হবে। একই সঙ্গে সরকারি খাদ্যশস্য সংগ্রহে প্রকৃত কৃষকের অংশগ্রহণ নিশ্চিত করা, খেলাধুলার মাঠ সংরক্ষণ এবং বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া, শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান, প্রকৌশলী মাইনুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, প্রধান শিক্ষক ইমাম হোসেন, চেয়ারম্যান জোবায়েদুল কবির বাহাদুর, খাদ্য কর্মকর্তা (ওসি এলএসডি) হোসেন শহীদ সহরওয়ার্দী, সাংবাদিক মইনুল ইসলাম কাজল ও মো. মাসুদ রানা।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।


