স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা বাজারে সারা ফাউন্ডেশনের উদ্যোগে মাদকবিরোধী র্যালি, সংক্ষিপ্ত সমাবেশ ও শপথ গ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান জানানো হয়।
সারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. আমিরুল ইসলাম রাসেলের নেতৃত্বে গজরা বাজারের শিল্পকলা একাডেমির সামনে থেকে র্যালিটি শুরু হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে গজরা ইউনিয়ন পরিষদের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. আমিরুল ইসলাম রাসেল, গজরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সুমন বেপারী এবং আশারের আধার আলো সংগঠনের সহ-কোষাধ্যক্ষ সুমন প্রধান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সারা ফাউন্ডেশনের সদস্য মো. শাহীন।
এ সময় উপস্থিত ছিলেন গজরা ইউনিয়ন যুবদলের সদস্য মেহেদী হাসান পাভেল, সারা ফাউন্ডেশনের সদস্য আশরাফুল ইসলাম রুবেল, হালিম, সানজির আহমেদ পারভেজ, মো. সিয়াম, মো. আরাফাত, মো. ফরহাদ, নাইমসহ সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান বক্তা মো. আমিরুল ইসলাম রাসেল বলেন, যুবসমাজকে কাউন্সেলিং, খেলাধুলা এবং ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মাদক থেকে দূরে রাখাই সারা ফাউন্ডেশনের মূল লক্ষ্য। তিনি বলেন, তরুণদের নেতৃত্বের সুযোগ সৃষ্টি এবং সমাজকল্যাণমূলক কাজে সম্পৃক্ত করা গেলে একটি সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের সঙ্গে বন্ধুসুলভ সম্পর্ক গড়ে তুলে তাদের সময় দেওয়া এবং সঠিক পথে পরিচালিত করা প্রয়োজন। পরিবার থেকেই সচেতনতা তৈরি হলে মাদকমুক্ত সমাজ গঠন সহজ হবে।
সমাবেশে বক্তারা বলেন, মাদক একজন ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি। তাই মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
কর্মসূচির শেষে উপস্থিত সকলকে নিয়ে মাদকের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করানো হয় এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অংশগ্রহণকারীরা নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


