স্ত্রীকে মারধরের পর বাবার ঘরে আগুন দেওয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় মাদকাসক্ত এক ছেলের বিরুদ্ধে বাবার বসতঘরে আগুন দিয়ে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে পলাতক রয়েছেন বলে অভিযোগ করেছেন তার বাবা। আগুনে বসতঘর ও আসবাবপত্র পুড়ে যাওয়ায় অভিযুক্তের স্ত্রী দুই সন্তানকে নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন।

শনিবার (২৬ জুলাই) শাহরাস্তি থানায় দায়ের করা লিখিত অভিযোগে পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বিশারা (শামছুল মুহুরী বাড়ি) এলাকার বাসিন্দা মমিন (৬০) অভিযোগ করেন, তার ছেলে মো. মনির হোসেন বাবু দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং উচ্ছৃঙ্খল আচরণ করে আসছেন। তিনি পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই স্ত্রীকে মারধর করতেন। পরিবারের সদস্যরা বাধা দিলে তাদেরও গালিগালাজ, মারধর ও হুমকি-ধমকি দিতেন। বিষয়টি একাধিকবার স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও তার আচরণে কোনো পরিবর্তন আসেনি বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, গত ২৫ জুলাই বিকেলে অভিযুক্ত ব্যক্তি দোকানের সামনে তার স্ত্রীকে মারধর করেন। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর জের ধরে একই রাতের শেষ প্রহরে, ২৬ জুলাই ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে অভিযুক্ত ব্যক্তি তার বাবার বসতঘরে আগুন দেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারী জানান, আগুন লাগিয়ে অভিযুক্ত ব্যক্তি চিৎকার করতে করতে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও পুরো ঘর পুড়ে যায়। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

মমিন আরও জানান, তার ছেলে বর্তমানে পলাতক। ভবিষ্যতে পরিবারের সদস্যদের প্রাণনাশ বা আরও ক্ষয়ক্ষতির আশঙ্কায় তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এ ঘটনায় শাহরাস্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।