স্টাফ রির্পোটার:
যথাযোগ্য মর্যাদা ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে চাঁদপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের নতুন বাজেট ঘোষণা করা হয়েছে। এবারের বাজেটে মোট ২০৫ কোটি টাকার আয়-ব্যয় প্রাক্কলন করা হয়েছে। পৌর ভবন প্রাঙ্গণে আয়োজিত এই বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
চাঁদপুর পৌরসভার প্রশাসক মো: এরশাদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ আজিজুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান এবং জেলা পরিষদের প্রশাসক জনাব এ কে এম সলিমুল্লাহ সেলিম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “এই ২০৫ কোটি টাকার বাজেট চাঁদপুরের নাগরিকদের মৌলিক চাহিদা পূরণ এবং শহরের সার্বিক অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি পৌরসভার আধুনিকায়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে চাঁদপুর পৌরসভার প্রশাসক মো: এরশাদ উদ্দিন ২০৫ কোটি টাকার এই বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিক-বান্ধব পৌরসভা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


