স্টাফ রির্পোটার:
ফরিদগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন উপজেলার একলাছপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ইসলাম উদ্দিন বেপারীর বাড়ির মোশারফ হোসেনের ছেলে জুবায়ের হোসেন (১৪) এবং তার মামাতো ভাই বড় পাইক চৌধুরী বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে মেহেদী হাসান (১৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, জুবায়ের ও মেহেদী মোটরসাইকেলযোগে এক নিকট আত্মীয়ের বাড়ি থেকে গৃদকালিন্দিয়া এলাকার উদ্দেশে রওনা হন। পথে খেজুরতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দুজনকে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
পরে জুবায়ের হোসেনের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। অপর আহত মেহেদী হাসান চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


